রাঙ্গামাটির সাজেক ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউস পাড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের নাম রুবিনা আফসানা রিংকি (২১ ব্যাচ), তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রী।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও আরও ১২ শিক্ষার্থী মিলে তারা সাজেক ভ্রমণে গিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, খাগড়াছড়ি থেকে সাজেকের পথে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই রিংকি নিহত হন। সেনাবাহিনী ও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, “আমি খবর পেয়েছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।”
ঢাকা ডেস্ক 









