আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাশাপাশি সারাদেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ তথ্য জানান।
বৃহস্পতিবারের পূর্বাভাস
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে ভারি বর্ষণের শঙ্কা রয়েছে। একই সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরও পড়ুন : ১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে রায়হান জামিল
শুক্রবারের পূর্বাভাস
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না।
শনিবার ও রোববারের পূর্বাভাস
শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে রোববার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি আরও তীব্র হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের কয়েকটি স্থানে ভারি বর্ষণ হতে পারে। শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রোববার তা স্থিতিশীল থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।
ঢাকা ডেস্ক 









