ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে জারি করা গেজেট কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই রুল জারি করেন। এ সংক্রান্ত দুটি রিট আবেদন করেছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী শহীদুল ইসলাম বাবুল ও আইনজীবী মাহবুবুর রহমান দুলাল।
আরও পড়ুন : সাবেক স্ত্রীর ফাঁদে পড়ে স্বামী হত্যা, র্যাবের অভিযানে ৯ আসামি ধরা
রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী হুমায়ুন কবির পল্লব জানান, আদালত সংশ্লিষ্ট বিবাদীদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছিল।
গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের পুনঃসীমানা নির্ধারণ করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তাতে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) অন্তর্ভুক্ত করা হয়।
ঢাকা ডেস্ক 












