প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা যদি ভেতরে বিভক্ত হয়ে যাই, তবে জাতি হিসেবে ব্যর্থ হবো। আমরা ব্যর্থতা চাই না, বরং এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক সমান মর্যাদা ও অধিকার ভোগ করবেন।’
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ড. ইউনূস বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যা বিশ্বের জন্য অনুকরণীয় হবে। সেই লক্ষ্য পূরণে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করতে হবে।’
রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, ‘কোনো ধর্মকে ছোট করে দেখা যাবে না। সব ধর্মের জন্য সমান মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
আরও পড়ুন : বিসিএস পরীক্ষার কারণে কর্মসূচি পরিবর্তন করল জামায়াত
তিনি জানান, ধর্মীয় উৎসব যেন সবার জন্য মুক্ত পরিবেশে উদ্যাপিত হয়। তার ভাষায়, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, বরং উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। সরকার কোনো ধর্মের প্রতি বৈষম্য করবে না।’
এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পূজা উদ্যাপন পরিষদের নেতারা সাক্ষাৎ করেন এবং তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ সময় ইউনূস জানান, ‘আপনাদের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ হয় না। তবে পূজা উপলক্ষে অন্তত বছরে একবার দেখা ও কথা বলার সুযোগ হয়।’
ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, গত বছরের তুলনায় এ বছর দেশে এক হাজারের বেশি নতুন পূজামণ্ডপ তৈরি হয়েছে এবং সারাদেশে প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে।
ঢাকা ডেস্ক 









