ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভকারীরা থানা ও উপজেলা পরিষদে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গোলচত্বর এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা এ সময় সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয়।
পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ধাওয়া খেয়ে পুলিশ সদস্যরা উপজেলা মডেল মসজিদে আশ্রয় নেন। অন্যদিকে, ভাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ ভ্যান, নসিমন, মোটরসাইকেল ও পায়ে হেঁটে বিক্ষোভে যোগ দিতে উপজেলা সদরের দিকে আসতে দেখা যায়।
আরও পড়ুন : মেলায় চার যুবকের হিজড়া সেজে অশ্লীল নৃত্য, অতঃপর…
এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ বিষয়ে ভাঙ্গা সার্কেল, থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। তবে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
উল্লেখ্য, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চলমান আন্দোলনের দ্বিতীয় দিন সকালে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায়। সকাল ১১টা থেকে মহাসড়ক অবরোধ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়।
ঢাকা ডেস্ক 









