রাজধানী ঢাকায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন : বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কর্মকর্তাসহ ৩ জনের
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি বিভাগের বেশিরভাগ স্থানে আজ সন্ধ্যা ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বর্ষণও হতে পারে।
পাশাপাশি আগামী পাঁচ দিনে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ারও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ডেস্ক 









