ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটির ১২ লাখ ফিলিস্তিনিকে জরুরি শহর ছাড়ার নির্দেশ দিয়েছে । শনিবার (১৩ সেপ্টেম্বর) এক ঘোষণায় ইসরাইলি সেনারা নিরীহ ফিলিস্তিনিদের দক্ষিণে আল-মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদরায়ি এক বিবৃতিতে জানিয়েছেন, আড়াই লাখের বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছে এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
তিনি দাবি করেছেন, ইসরাইল হামাসকে পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করছে এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে।
তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্যে। ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখনো ১২ লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে।
আরও পড়ুন : মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা
তারা অভিযোগ করেছেন, ইসরাইল আল-মাওয়াসি ও রাফাহ অঞ্চলে ১.৭ মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর করার চেষ্টা করছে, যেখানে হাসপাতালে, অবকাঠামো ও মৌলিক সেবার অভাব রয়েছে।
এই বিমান হামলা এবং স্থল অভিযান ‘গিডিয়নের চ্যারিয়টস ২’ নামের সামরিক অভিযানের অংশ, যা ৩ সেপ্টেম্বর শুরু করা হয়। অভিযানটির লক্ষ্য গাজা সিটিকে পুরোপুরি দখল করা।
ঢাকা ডেস্ক 









