ঢাকার পর এবার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় সেখান থেকে চারজনকে পাকড়াও করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আবু মুসা, শাকিব আলম, রায়হান উদ্দিন ও মো. আরিফ।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানান, ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের হায়েস জব্দ করা হয়। পাশাপাশি গ্রেপ্তার করা হয় গাড়ির চালক আবু মুসা ও হেলপার সাকিব আলমকে।
আরও পড়ুন : ঢাকায় মিছিল করতে গিয়ে আ.লীগের ১২ নেতাকর্মী ধরা
তিনি বলেন, ঝটিকা মিছিলে অংশ নিতে চকরিয়া থেকে গাড়ি ভাড়া করে চট্টগ্রাম আসেন গ্রেপ্তাররা। মিছিল শেষে ছবি তুলে পুনরায় চকরিয়ায় ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে আটক দুইজনের তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
‘এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে,’ যোগ করেন ওসি।
ঢাকা ডেস্ক 









