বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠেছে মিশরের রাজধানী কায়রো। তবে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এবার অনেকটা উন্নতি হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার–এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, কায়রোর স্কোর দাঁড়িয়েছে ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৫৭) এবং তৃতীয় স্থানে কঙ্গোর কিনশাসা (১৫১)। চীনের সাংহাই ও ভারতের দিল্লি যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।
অন্যদিকে ঢাকার স্কোর ছিল ৬২, যা ‘মাঝারি’ বা সহনীয় ধরা হয়। এই হিসাবে তালিকায় ঢাকার অবস্থান ৩২তম।
আরও পড়ুন :
আইকিউএয়ারের প্রতিবেদন বলছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা দূষণের প্রধান কারণ। এই ধরণের দূষণ শ্বাসকষ্ট, হৃদ্রোগসহ দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
সংস্থার মানদণ্ড অনুযায়ী—
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: অত্যন্ত অস্বাস্থ্যকর
- ৩০১–এর বেশি: ঝুঁকিপূর্ণ
একিউআই অনুসারে এবার ঢাকার বাতাস তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।
ঢাকা ডেস্ক 









