জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন একসময়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে সর্বাধিক ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. মাজহারুল ইসলাম, যিনি ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী।
অন্যান্য পদে নির্বাচিতরা
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা।
শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জয়ী হয়েছেন ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের সাফায়েত মীর এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি।
আরও পড়ুন : জাকসুর ভিপি নির্বাচিত জিতু, জিএস মাজহারুল
সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ জিসান আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, আর নাট্য সম্পাদক হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম।
ক্রীড়া সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ, সহ-ক্রীড়া (ছাত্র) পদে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান এবং সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা।
এ ছাড়া আইটি ও গ্রন্থাগার সম্পাদক হয়েছেন ফার্মেসি বিভাগের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক হয়েছেন আহসান লাবিব। সহ-সমাজসেবা (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের তৌহিদ ইসলাম এবং সহ-সমাজসেবা (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা নির্বাচিত হয়েছেন।
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে জয়ী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, আর পরিবহন ও যোগাযোগ সম্পাদক হয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা ও মোহাম্মদ আলী চিশতী।
নির্বাচনী পরিসংখ্যান
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রদের হলে ভোটার ছিলেন ৫,৩১৫ জন এবং ছাত্রীদের হলে ৬,৪২৮ জন।
এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। ছাত্রীদের ১০টি হলে ১৫০টি আসনের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। ৬৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন এবং মাত্র ২৪টি আসনে ভোটগ্রহণ হয়। এ ছাড়া ২টি হলে সব পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ঢাকা ডেস্ক 









