বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে
এর আগে ২৮ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১,১৮৭.১৩ মিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ২৬,১৯১.২৪ মিলিয়ন ডলার।
আরও পড়ুন : ভারতের ওপর মার্কিন শুল্ক, বাংলাদেশের পোয়াবারো
বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় মেটানো, আন্তর্জাতিক লেনদেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ বের করা হয়।
এদিকে, দেশে সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে ১ দশমিক ১৩ বিলিয়ন (১১৩ কোটি) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৭৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
অর্থাৎ প্রতিদিন গড়ে আসছে ১১ কোটি ৩ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৩৮১ কোটি টাকার প্রবাসী আয়। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ডেস্ক 









