জুঁই ফুলের মালা সঙ্গে রাখায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে মালয়ালাম অভিনেত্রী নব্যা নায়ারকে। তাকে ১,৯৮০ অস্ট্রেলীয় ডলার (প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি) পরিশোধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, নব্যা সম্প্রতি ভিক্টোরিয়ার মালয়ালি অ্যাসোসিয়েশনের ওনাম উদযাপনে অংশ নিতে অস্ট্রেলিয়া যান। কোচি থেকে যাত্রা শুরুর সময় তার বাবা দুটি জুঁই ফুলের মালা কিনে দেন। একটি তিনি খোঁপায় গুঁজে নেন, আরেকটি ব্যাগে রাখা ছিল।
বিমানবন্দরে ক্যারি-অন ব্যাগ পরীক্ষা করার সময় প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা সেই মালাটি উদ্ধার করেন কর্মকর্তারা।
অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী বিদেশ থেকে ফুল, পাতা বা যেকোনো জৈব পণ্য আনার আগে ঘোষণা করতে হয়। পরে জৈব সুরক্ষা কর্মকর্তারা সেগুলো পরীক্ষা করে দেখেন সেখানে কোনো কীটপতঙ্গ বা রোগ আছে কি না।
আরও পড়ুন : জানা গেল দেবের প্রথম ক্রাশ ছিলেন কোন নায়িকা
ঘোষণা না করলে সর্বোচ্চ ৬,৬০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা, এমনকি ফৌজদারি মামলা বা ভিসা বাতিলের ঝুঁকিও থাকে।
ঘটনার পর নব্যা স্বীকার করেছেন এটি আইন ভঙ্গের ঘটনা। তবে তার দাবি, বিষয়টি অনিচ্ছাকৃত এবং অজান্তে হয়েছে।
জরিমানা দেওয়ার আগে ইনস্টাগ্রামে মাথায় ফুলের মালা পরিহিত একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, জরিমানা দেওয়ার ঠিক আগের নাটক! যদিও পরে ক্যাপশনটি মুছে দেন।
এই ঘটনায় সামাজিকমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রেও আইন সমানভাবে কার্যকর হয় এটি তারই প্রমাণ।
ঢাকা ডেস্ক 









