বিধি লঙ্ঘন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগের রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে দেখা গেছে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবকে।
বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে তাকে দেখা যায়।
ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, ফাঁকা নির্বাচন কমিশন কার্যালয়ে বসে আছেন মুহিব। এ নিয়ে ফেসবুকে সরব হয়েছেন জাবি শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা।
এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফয়সাল বলেন, সে একজন অছাত্র। এত রাতে তার নির্বাচন কমিশনে যাওয়ার কোনও কারণ নেই। আমরা এটাকে দুরভিসন্ধিমূলক মনে করছি৷ এর তীব্র প্রতিবাদ জানাই ও কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান জানাই।
এ বিষয়ে মুহিবুর রহমান মুহিব বলেন, ওখানে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের আসা যাবে না। কিন্তু বিশেষ করে ছাত্রদলের সাবেক, যুবদলসহ শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন। ক্যাম্পাসের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বলার পরও, যদিও বলছে সকাল থেকে আর আসতে দেবে না।
কিন্তু বাস্তবতা হলো, অন্যান্যরা আসবে। সেই জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল, পর্যবেক্ষক কার্ড দেওয়া প্রত্যেকটা প্যানেলের জন্য নির্ধারিত সংখ্যক। যে কয়জন থাকতে পারবে। সে বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে গিয়েছিলাম।
আরও পড়ুন : জাকসু নির্বাচন : ছাত্রদলের সাবেক নেতাদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ
এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ঘটনাটি সত্য, তিনি আমাদের এখানে এসেছিলেন। শিবিরের পক্ষ থেকে তিনটি দাবি নিয়ে এসেছেন, সেগুলা আমাদেরকে জানিয়ে চলে গিয়েছেন।
মুহিবুর রহমান মুহিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) সাবেক শিক্ষার্থী।
গত ৯ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা নির্দেশনায় স্পষ্ট করে বলে দেওয়া হয়, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল ও ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী, অতিথিসহ যেকোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না।
গতকাল রাতে এই নির্দেশনা উপেক্ষা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতারাও।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মধ্যরাতে বৈঠকে বসেন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি’র যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ মল্লিক, জার্মান প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মারুফ মল্লিক এবং শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অভি।
ঢাকা ডেস্ক 









