রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, নিহতদের নাম সুজন ওরফে বাবুল (১৯) এবং হানিফ (২৬)। উভয়ের বিরুদ্ধেই ছিনতাই ও ডাকাতির চারটি করে মামলা রয়েছে।
তিনি বলেন, ভোর রাতে স্থানীয় জনতা সুজনকে ধরে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিহাবের দুর্দান্ত সাফল্য
অন্যদিকে একই এলাকায় হানিফও গণপিটুনির শিকার হন। পরে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়। নিহত দুজনই মোহাম্মদপুরের বছিলা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শরীফ ও নাটা ফয়সাল নামে দুজনকে আটক করেছে পুলিশ। তারা বর্তমানে হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাত তিনটার পর নবীনগর ১৪ ও ১৫ নম্বর রোড সংলগ্ন এলাকায় কয়েকজন স্থানীয় ব্যবসায়ী, নাইটগার্ড ও বাড়িওয়ালা সংগঠিত হয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এসময় তারা চারজনকে আটক করে গণপিটুনি দেয়। আহতদের মধ্যে সুজন ও হানিফ পরে মারা যান।
স্থানীয়দের দাবি, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঢাকা ডেস্ক 









