মিশরের প্রাচীনতম ও বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে গৌরবজনক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ শিহাব উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল উলুমিল ইসলামিয়ার উসুলুদ্দীন অনুষদের হাদিস বিভাগে বিদেশি শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত পিএইচডি তামহীদির চূড়ান্ত পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন।
শিক্ষাবর্ষ ২০২৪–২৫-এর এ পরীক্ষায় শিহাব উদ্দীন ৯০০ নম্বরের মধ্যে ৭৬৭ নম্বর পেয়ে শতকরা ৮৫.২২ ভাগ অর্জন করেন। ফলাফলে তিনি “জাইয়্যিদ জিদ্দান” (এ+) গ্রেডে উত্তীর্ণ হন।
দ্বিতীয় হয়েছেন আলজেরিয়ার ফুয়াদ কুরাইশি (৭৫২ নম্বর, ৮৩.৫৫ শতাংশ)। তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছেন যথাক্রমে শ্রীলঙ্কার মুহাম্মদ রুকজি আবদুর রশীদ (৭৪৮ নম্বর, ৮৩.১১ শতাংশ) এবং আলজেরিয়ার মুহাম্মদ আমিন হামূদি (৭৪৪ নম্বর, ৮২.৬৭ শতাংশ)।
আরও পড়ুন : প্যারিসে ৯টি মসজিদের সামনে শূকরের মাথা, কয়েকটিতে লেখা ম্যাক্রোঁর নাম
এ বছর উক্ত বিভাগ থেকে মোট আটজন আন্তর্জাতিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ ও আলজেরিয়া থেকে দুইজন করে, শ্রীলঙ্কা থেকে একজন, নাইজেরিয়া থেকে দুইজন এবং ইন্দোনেশিয়া থেকে একজন শিক্ষার্থী রয়েছেন।
বাংলাদেশি শিক্ষার্থীর এই সাফল্যকে দেশটির জন্য গৌরবের বিষয় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মর্যাদাপূর্ণ আল আজহার বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কৃতিত্ব বাংলাদেশের ভাবমূর্তিকে বৈশ্বিক অঙ্গনে আরও উজ্জ্বল করেছে।
রিপোর্টার 









