জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলের দুই সাবেক সেনা কর্মকর্তা। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এর আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন দলীয় আহ্বায়কের কাছে।
পদত্যাগকারীরা হলেন— যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।
সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, এনসিপির শীর্ষ নেতৃত্ব নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছে। এ বিষয়ে একাধিকবার জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আরও পড়ুন : শিক্ষার্থীদের আস্থা অর্জনই আমাদের বড় জয় : মানসুরা
তার ভাষায়, ‘দলের ভেতরে একটি বলয় তৈরি হয়েছে, যেখানে ভিন্নমত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের প্রভাব শূন্যে নামিয়ে আনার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আর কাজ করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘যে রাজনৈতিক দলে গণতান্ত্রিক চর্চা ও পরমতসহিষ্ণুতা নেই, সেই দল টিকে থাকতে পারে না। নিজেদের পছন্দসই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, অন্যদের কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। তাই আমরা সরে যাচ্ছি।’
মেজর (অব.) আবদুল্লাহ স্পষ্ট করে জানান, তারা ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু নেতৃত্বের সংকীর্ণতা ও ভিন্নমতের প্রতি অবজ্ঞা তাদের হতাশ করেছে।
ঢাকা ডেস্ক 









