কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন।
নিহতরা হলেন- একই গ্রামের বিছার সরদারের ছেলে সারভান সরদার (৩৫) ও হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুগ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন : নিজ কেন্দ্রে যত ভোট পেলেন আবিদ-সাদিক
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে মারা যান বায়জীদ। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হওয়ার খবর শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
ঢাকা ডেস্ক 









