ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) প্রকাশ্যে কড়া ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) নির্বাচনের পর প্রেস ব্রিফিংকালে তিনি এই কাণ্ড ঘটান।
পরবর্তীতে এই ঘটনার একটি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, শিক্ষকদের উপস্থিতিতেই আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছেন সাহস। এ সময় তিনি উপাচার্যের কঠোর সমালোচনা করেন। এক পর্যায়ে তিনি টেবিলে থাপ্পড় দিয়ে উপাচার্যকে ধমক দেন।
এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে সামাল দেন। এই ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : ‘যাদের ঠকা কনফার্ম তারা সম্মিলিত বয়কট পর্ষদ ঘোষণা করেন’
ভিডিওতে গণেশ চন্দ্রকে বলতে দেখা যায়, ‘আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?’ এ সময় টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন ছাত্রদল সভাপতি। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে নিবৃত করেন।
তখন গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ‘আপনি চুপচাপ বসে যান।’
এদিকে এই ভিডিও ভাইরাল হলে তীব্র বিতর্ক তৈরি হয়। অনেকেই ছাত্রদল নেতার অসৌজন্যমূলক আচরণের কঠোর সমালোচনা করেন।
ঢাকা ডেস্ক 














