ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা চলে এ ভোটগ্রহণ। এরপরই অধিকাংশ কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হয়, তবে বাইরে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত ভিড় চোখে পড়ে।
ভোট চলাকালে কয়েকটি কেন্দ্রে আগে থেকে ব্যালটে ক্রসচিহ্ন দেওয়ার অভিযোগ তুলে শিবির ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদও অনিয়মের অভিযোগ করে। অন্যদিকে ভোটের শেষ সময়ে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট–সমর্থিত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটার এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ ভোটার। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। একইসঙ্গে ১৮টি হলে ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজারেরও বেশি শিক্ষার্থী।
আরও পড়ুন : ডাকসু নির্বাচন : শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার
ভোটে অংশ নিয়েছে অন্তত ১০টি প্যানেল, এর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), প্রতিরোধ পর্ষদ (বাম জোট), স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, অপরাজেয় ৭১–অদম্য ২৪, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ও জোট। এ ছাড়া বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও লড়ছেন গুরুত্বপূর্ণ পদে।
ভিপি পদে লড়ছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, ছাত্রশিবিরের আবু সাদিক কায়েম, বাগছাসের আব্দুল কাদের, প্রতিরোধ পর্ষদের শেখ তাসনীম আফরোজ ইমি, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ও তার প্যানেলের সদস্যরা, অপরাজেয় ৭১–অদম্য ২৪ এর নাইম হাসান হৃদয়, ছাত্র অধিকারের বিন ইয়ামিন মোল্লা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেনসহ অনেকে।
দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এখন সবার চোখ ভোট গণনার দিকে। ফলাফল প্রকাশের পর জানা যাবে কারা দায়িত্ব নেবেন দেশের সবচেয়ে আলোচিত ছাত্র সংসদ ডাকসুর আগামী দিনের নেতৃত্বে।
ঢাকা ডেস্ক 









