ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পরপরই উঠল চাঞ্চল্যকর অভিযোগ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম জানান, প্রথমদিকে এক ভোটারকে ভুল করে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। সেই ভোটার দুটি ব্যালটই পূরণ করেন—একটি জমা দেন ব্যালট বাক্সে, আরেকটি টেবিলে রেখে দেন। পরে আরেক ভোটার কেন্দ্রে এলে সেই টেবিলে রাখা পূর্ণ ব্যালট পেপারটি ভুলবশত তাকে ধরিয়ে দেওয়া হয়। তবে ভোটারটি বিষয়টি বুঝে ফেলেন এবং সঙ্গে সঙ্গেই ব্যালটটি ফেরত দেন।
আরও পূরণ : টিএসসিতে প্রথম দেড়ঘণ্টায় পড়েছে ৭০০ ভোট
আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক এজেন্টও একই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগের মুখে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী স্বীকার করে বলেন,“অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে আরকি।”
তিনি দাবি করেন, বিষয়টি সঙ্গে সঙ্গেই সামলে ফেলা হয়েছে এবং আর কোনো অনিয়ম ঘটতে দেওয়া হবে না।
ঘটনার পর ভোটকেন্দ্রে মুহূর্তের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও অভিযোগকারীরা জানিয়েছেন, পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শিক্ষার্থীদের অনেকে এটিকে অবহেলা এবং অব্যবস্থাপনার ফল বলে মন্তব্য করেছেন।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।
ঢাকা ডেস্ক 









