ফরিদপুরের বোয়ালমারীতে আতঙ্ক ছড়ানো মালিকহীন ঘোড়াটি অবশেষে জলাতঙ্ক রোগে মারা গেছে। প্রাণীটি মারা যাওয়ার পর স্থানীয়রা মাটিচাপা দেয়। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী।
গত ৬ ও ৭ সেপ্টেম্বর পাগলা হয়ে যাওয়া ঘোড়াটির কামড়ে অন্তত ৮ থেকে ১০ জন নারী-পুরুষ আহত হন। আক্রান্তদের মধ্যে রয়েছেন স্থানীয় সাংবাদিক কাজী হাসান ফিরোজ, আতাউর রহমান (৫৫), আবু বক্কর সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪)। এছাড়া কয়েকজন অজ্ঞাত ব্যক্তিও চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, টানা দুই দিন ধরে কলেজ রোড, আধারকোঠা ও চৌরাস্তা এলাকায় যে কাউকে দেখলেই কামড়াতে বা লাথি মারতে ছুটে যাচ্ছিল ঘোড়াটি। এতে বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী আতঙ্কে ছিলেন।
আরও পড়ুন : মানিকগঞ্জে পুলিশের ৩ সদস্যকে ধরে বেধড়ক পিটুনি
চৌরাস্তা এলাকার ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ‘রবিবার সকালে দোকান খোলার সময় ঘোড়াটি আমার দিকে ছুটে আসে। আমি লাঠি নিয়ে প্রতিরোধ করলে সেটি দূরে সরে যায়। এরপর দেখি, সামনেই সাইকেল চালানো এক ব্যক্তিকে আক্রমণ করছে।’
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কে এম মাহামুদ রহমান জানান, ইতোমধ্যে পাঁচজন আহত ব্যক্তি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। কামড়ানো সকলকে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে টিকা নিতে বলা হয়েছে।’
ঘটনার পর থেকে স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ঘোড়ার কামড়ের শিকারদের দ্রুত টিকা নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে।
ঢাকা ডেস্ক 









