ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হলেও ভোট হবে হলের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে।
এবারের ডাকসু নির্বাচনে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুর জন্য থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের জন্য এক পৃষ্ঠার ব্যালট। ভোটগ্রহণ হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।
আরও পড়ুন : নেপালে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, কাঠমান্ডুতে কারফিউ জারি
কোন হলে কোন কেন্দ্রে ভোট
- কার্জন হল কেন্দ্র: শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল।
- শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল।
- ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল।
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
- সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল।
- উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হল।
- ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হল।
- ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন নাহার হল।
এবার ডাকসুর মোট ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের প্রতিটি হলে ১৩টি করে পদে নির্বাচন হবে। সব মিলিয়ে ২৩৪টি পদে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন।
অর্থাৎ, একজন শিক্ষার্থীকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে সর্বমোট ৪১টি ভোট দিতে হবে।
ঢাকা ডেস্ক 














