কুমিল্লা নগরীর কুলিয়াজুড়িতে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)।
পুলিশ জানায়, নিহতরা গত ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নিহত তাহমিনার দুই ছেলে এক মেয়ে। তাহমিনার মেয়ে সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
সোমবার গভীর রাতে ছেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভাড়া ওই বাসায় গিয়ে দেখে দুই কক্ষের বিছানার ওপর দুজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ সেগুলোর সুরতহাল তৈরি করে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুন : সিলেটে ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ঘটনার খবর পাই আমরা রাত আড়াইটার দিকে। পরে সেখানে যাই। খাটের নীচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
ঢাকা ডেস্ক 









