বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘ সময় ধরে ঢাকার নাম থাকলেও দূষিত শহরের শীর্ষ তালিকায়, বর্তমানে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতি করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, ৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৪তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর বায়ুদূষণের দিক থেকে ‘সহনীয়’ বা ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, একই সময়ে ১৬৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা এবং ১৩৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ভারতের দিল্লি (১২১) ও ফিলিপাইনের মানিলা (১১৫) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
আরও পড়ুন : আজ রাতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বাংলাদেশে থেকে কি দেখা যাবে?
একিউআই সূচক কী বলে?
- ০–৫০: ভালো
- ৫১–১০০: সহনীয় বা মাঝারি
- ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: অত্যন্ত অস্বাস্থ্যকর
- ৩০১-এর বেশি: বিপর্যয়কর
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বায়ুদূষণের ৫টি প্রধান উপাদানের ওপর ভিত্তি করে— বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।
২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হলো— ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণ থেকে সৃষ্ট রোগের মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ। এসব কারণে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
পরিবেশবিদরা বলছেন, ঢাকার বায়ুদূষণ ‘সহনীয়’ অবস্থায় নামলেও এটি এখনও ঝুঁকিমুক্ত নয়। শিশু, বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ বিশেষভাবে বিপজ্জনক।
ঢাকা ডেস্ক 









