প্রখ্যাত লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন মোহাম্মদ উমর আর নেই। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপের সমস্যায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তার বাবা আবুল হাশিম ছিলেন ভারতীয় উপমহাদেশের খ্যাতনামা মুসলিম জাতীয়তাবাদী নেতা।
আরও পড়ুন : গাজায় ২ হাজার ৭০০ পরিবার নিশ্চিহ্ন, ধ্বংস হয়েছে ৯০ শতাংশ অবকাঠামো
পেশাজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত হন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। একসময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন তিনি।
২০০৩ সালে বদরুদ্দীন উমর জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করেন এবং আজীবন এর সভাপতির দায়িত্ব পালন করেন। এ বছরের শুরুতে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
দেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে গভীর ছাপ রেখে যাওয়া বদরুদ্দীন উমরের মৃত্যুতে বুদ্ধিজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা ডেস্ক 









