ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া প্রচারণা ঠেকাতে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : ‘লোকসানে থাকা ব্যাংকের কর্মকর্তারা বোনাস পাবে না’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে কেন্দ্র করে কিছু চিহ্নিত পেজ থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে প্রার্থীদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি পরিপন্থী হওয়ায় প্রশাসন ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে। এছাড়া আরও কয়েকটি পেজের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডাকসুর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনসংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/duadministration এবং অন্যান্য অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করতে হবে।
ঢাকা ডেস্ক 














