ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে ঘটেছে এক অদ্ভুত ও চরম ঝুঁকিপূর্ণ ঘটনা। উড্ডয়নের মাত্র কয়েক মিনিট আগে রানওয়ের এক পাশে বসেই প্রস্রাব করতে দেখা গেছে এক বৃদ্ধকে। ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পাজামা পরা বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে ঘাসের ওপর বসে প্রস্রাব করছেন। এ সময় বিমানে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীদের লাইনও স্পষ্টভাবে দৃশ্যমান। ঘটনাটি নজরে আসতেই ককপিটে থাকা পাইলট হেসে ফেলেন এবং সেটি ভিডিও করে রাখেন। পরে এটি ‘আদর্শ আনন্দ’নামের একটি হ্যান্ডল থেকে প্রকাশ করা হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : পেনাল্টি বাঁচানোর পর প্রাণ হারালেন ব্রাজিলের এক গোলরক্ষক
নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ বিষয়টিকে মজার ছলে নিলেও অনেকে এতে ক্ষুব্ধ। একজন মন্তব্য করেছেন, ‘বিমানে উঠতে পারা সাধারণ মানুষের জন্য ভালো, কিন্তু ন্যূনতম নিয়ম-কানুন মেনে চলা জরুরি।’
আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘প্রস্রাব করার সঠিক পদ্ধতি।’
তবে অনেকেই সমালোচনা করেছেন পাইলটকে— ‘একজন বৃদ্ধ ভুল করতেই পারেন, কিন্তু পাইলটের উচিত ছিল না এটি ভিডিও করে প্রকাশ করা।’
ঘটনাটি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। রানওয়ের মতো স্পর্শকাতর এলাকায় এমন অনিয়ন্ত্রিত আচরণ যাত্রী ও বিমানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সাধারণত বিমানবন্দরে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকে—সিসিটিভি, নিরাপত্তারক্ষী, সীমান্ত বেড়া ও টহল। অথচ এই ঘটনায় বোঝা যাচ্ছে, ব্যবস্থার কোথাও না কোথাও ফাঁক রয়ে গেছে।
অবশ্য এখনও নিশ্চিত নয়, বৃদ্ধ ব্যক্তি প্রকৃতপক্ষে যাত্রী ছিলেন কি না কিংবা ভিডিওটি কোন বিমানের ককপিট থেকে ধারণ করা হয়েছিল। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (AAI) এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে ঘটনাটি স্পষ্টতই যাত্রী সচেতনতা ও বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ঢাকা ডেস্ক 









