প্রাকৃতিক যেকোনো ফলই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ফল রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তেমনি একটি সহজলভ্য কিন্তু অধিকাংশ রোগের হাত থেকে রক্ষা করে এমন একটি ফল হচ্ছে পেঁপে।
বিশেষজ্ঞরা বলেন, সঠিক সময়ে সঠিক ফল খেলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজমশক্তি ভালো থাকে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে যায়।
চলুন জেনে নিই পেঁপের নানাবিধ স্বাস্থ্যগুণ সম্পর্কে :
হজমে সহায়ক
পেপে হজম শক্তি বাড়ায়। প্রতি কাপে পেঁপেতে প্রায় ২.৫ গ্রাম খাদ্যতন্তু থাকে। এতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে । পেঁপের প্রাকৃতিক এনজাইম পাপাইন প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং পুষ্টি উপাদানের শোষণ সহজ করে। পাশাপাশি, এতে প্রদাহবিরোধী ও অ্যান্টিভাইরাল গুণও রয়েছে।
ভিটামিন সি সমৃদ্ধ
ভিটামিন সি-এর অন্যতম বড় উৎস পেঁপে। একটি মাঝারি আকারের পেঁপে খেলে দৈনিক ভিটামিন সি-এর প্রয়োজনীয়তার ১০০ শতাংশেরও বেশি পূরণ হয়। ভিটামিন সি টি-লিম্ফোসাইট ও বি-লিম্ফোসাইটের কার্যক্ষমতা বাড়ায়, যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয়।
প্রদাহ কমায়
পেঁপেতে থাকা ভিটামিন এ, বিটা ক্যারোটিন ও লাইকোপিন শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এসব অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমিয়ে রোগ প্রতিরোধে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, লাইকোপিন হৃদ্রোগ, প্রোস্টেট ক্যানসারসহ কিছু জটিল রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন : আফগানিস্তানে ফের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
চুলের সৌন্দর্য বাড়ায়
চুলের জন্যও পেঁপে খুব উপকারী। যে কারণে পেঁপে মেশানো শ্যাম্পুর প্রচলন বেশি। টক দইয়ের সঙ্গে পেঁপে মিশিয়ে চুলে মাখলে গোড়া শক্ত হয়। মাথায় উঁকুনের সমস্যা দুর করেতেও পেঁপে ভালো কাজ করে।
ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয়
যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন একবাটি করে পাকা পেঁপে খেতে পারেন। এতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং অন্যান্য রোগের আশঙ্কাও কমে যেতে পারে।
ঢাকা ডেস্ক 















