মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় খাবার হচ্ছে যে কোনও ধরণের ফল। এক এক ফলে থাকে এক এক ধরণের পুষ্টিগুন । তেমনই এক উপকারী ফল হচ্ছে বেদানা যাতে থাকে ফাইবার, ভিটামিন সি, কে, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম।
ভারতের পুষ্টিবিদ অনুশ্রী মিত্র সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন নিয়মিত বেদানা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক কী কী উপকার পাবেন এই বেদানা ফল খেলে—
১. পুষ্টিতে ভরপুর
বেদানায় থাকে ফাইবার, ভিটামিন সি, কে, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম; যা শরীরকে শক্তিশালী রাখে। নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
২. ক্যানসারের ঝুঁকি কমায়
বেদানায় রয়েছে অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। এটি শরীরের কোষকে রক্ষা করে এবং ক্যানসারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়।
৩. হার্ট ভালো রাখে
বেদানার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে হৃদরোগের ঝুঁকিও অনেকটাই কমে যায়।
আরও পড়ুন : বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য
৪. ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী
ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন এই ফল কারণ বেদানার গ্লাইসেমিক ইনডেক্স কম, মানে এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না।
আরও পড়ুন : ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি জানুন
৫. হজমের জন্য ভালো
বেদানায় রয়েছে ডায়েটারি ফাইবার, যা হজমে সাহায্য করে। পেট পরিষ্কার রাখে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
৬. ত্বক উজ্জ্বল রাখে
বেদানায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন C ত্বককে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এতে বলিরেখা কমে এবং ত্বক হয় উজ্জ্বল ও টানটান।
৭. রক্তশূন্যতা কমায়
বেদানায় সরাসরি আয়রন না থাকলেও এতে রয়েছে প্রচুর ভিটামিন C, যা শরীরে আয়রন শোষণে সাহায্য করে। তাই আয়রনযুক্ত খাবারের সঙ্গে বেদানা খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং রক্তশূন্যতার ঝুঁকি কমে।
ঢাকা ডেস্ক 















