ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের রাজাকার প্রসঙ্গ টেনে কথা বলার পর থেকে ভয়াবহ মানসিক চাপে রয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, সেই বক্তব্যকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন আর ঘুমাতে পারেন না, মাঝরাতে কেঁপে উঠে জেগে উঠেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে আবেগঘন বার্তায় কাদের লিখেছেন, ‘আমার ডাকসু’তে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখান। রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যা শুরু হয়েছে, প্রতিনিয়ত তা আরও বাড়ছে। তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে।’
কাদের অভিযোগ করেন, অনলাইন হেনস্তা সীমা ছাড়িয়ে গেছে। ‘কেবল অনলাইনে অপমান করলে সহ্য করতাম। কিন্তু এখন বাড়িতে গিয়ে আমার আম্মাকেও কটূক্তি শুনতে হচ্ছে।’
আরও পড়ুন : স্কুলে সংগীত শিক্ষক নিয়োগ নিয়ে আজহারির স্ট্যাটাস
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও লেখেন, ‘১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য দিলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারত। এখনো তো মাত্র শুরু, সামনে আরও ৫ দিন বাকি—এর মধ্যে কী যে হবে, তা ভেবে আমি আরও আতঙ্কিত হয়ে পড়ছি।’
এদিকে গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ অভিযোগ করেছে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ভোটকেন্দ্রগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য একেবারেই অনুকূল নয়।
ঢাকা ডেস্ক 









