নাইজেরিয়ায় মহানবি হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক নারীকে উত্তেজিত জনতা পুড়িয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে দেশটির নাইজার রাজ্যে। এ ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে-এর প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় এক ব্যক্তি অভিযুক্ত নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন। উত্তরে তিনি মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। আশপাশের মানুষ তা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
একপর্যায়ে জনতা ওই নারীর ওপর হামলা চালায় এবং শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ পৌঁছানোর আগেই পুরো ঘটনা ঘটে যায়। নিহত নারী স্থানীয়ভাবে খাবার বিক্রি করতেন।
আরও পড়ুন : চবিতে সংঘর্ষ : তিন দিনেও হয়নি মামলা
নাইজেরিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতা নতুন নয়। গত তিন বছরে এমন ঘটনায় অন্তত দুজনকে হত্যা করা হয়েছে।
২০২২ সালে দাবোরাহ স্যামুয়েল নামের এক খ্রিষ্টান শিক্ষার্থীকে ইসলাম ধর্ম নিয়ে বিদ্রুপ করার অভিযোগে সহপাঠীরা পিটিয়ে ও পরে পুড়িয়ে হত্যা করে। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসলাম নিয়ে মন্তব্য করেছিলেন।
২০২৪ সালে উসমান বুডা নামে এক কসাইকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জনতা পাথর মেরে হত্যা করে।
শরীয়াহ আইন অনুসারে ধর্ম নিয়ে কটূক্তি করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা দেশটিতে প্রায়ই ঘটে থাকে।
ঢাকা ডেস্ক 









