গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “যারাই তাকে আঘাত করুক না কেন, হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে—এটা পরিষ্কার। নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও তিনি এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তার ইনজুরিগুলো খুবই ফ্যাটাল, ব্রেনে ব্লিডিং হয়েছে। এখনো খেতে পারছেন না, পাইপের মাধ্যমে লিকুইড দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন : মাদক সম্রাজ্ঞী আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার অবশেষে গ্রেফতার
তিনি আরও বলেন, “চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। তবে নুরকে দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো জরুরি।”
বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, “অভ্যুত্থানের পরও যদি আইনশৃঙ্খলা বাহিনী এভাবে আমাদের নেতাদের ওপর আক্রমণ চালায়, তাহলে সাধারণ মানুষ কী অবস্থায় আছে—তা ভেবে দেখুন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। আমি দাবি জানাচ্ছি, দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সরকারের দায়িত্ব।”
ঢাকা ডেস্ক 









