গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে ৬ মাত্রার এই কম্পনে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে আফগান-পাকিস্তান সীমান্তের নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল আঘাতের পর অন্তত তিনবার পরাঘাত অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত।
আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম নানগারহার ও কুনার প্রদেশ। ভেঙে পড়েছে বহু কাঁচা ঘরবাড়ি। এ দুই প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ১১৫ জন আহতকে। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা, পাহাড়ি অঞ্চল ও দুর্গম গ্রামগুলোতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কম্পন অনুভূত হয়েছে আফগান রাজধানী কাবুলেও, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পে কেঁপে ওঠে ভবন।
এর আগে, গত কয়েকদিন ধরেই নানগারহারে টানা বন্যায় পাঁচজন প্রাণ হারিয়েছিল। তার ওপর ভূমিকম্পের আঘাত নতুন করে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। গত তিন দশকে কেবল ভূমিকম্পেই প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল অবকাঠামো ও পাহাড়ি ভূপ্রকৃতি থাকায় প্রতিটি ভূমিকম্প আফগানিস্তানের জন্য ভয়াবহ দুর্যোগে পরিণত হয়।
ঢাকা ডেস্ক 









