কখনো কখনো এক মুহূর্তের দৃশ্যই ছুঁয়ে যায় অগণিত হৃদয়। ঠিক তেমনই একটি ভিডিও এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দীর্ঘদিন পর বাবার ঘরে হঠাৎ ফেরা মেয়েকে দেখে যে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে, তা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
ঘটনাটি ঘটেছে নওগাঁ শহরের দয়ালের মোড়ে। ব্যবসায়ী নূর মোহাম্মাদ নান্টুর মেয়ে লামিয়া জান্নাতের বিয়ে হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন লামিয়া। কর্মব্যস্ত জীবনে বাবার ঘরে আসার সুযোগ হয়ে ওঠেনি অনেকদিন। তাই এবার তিনি সিদ্ধান্ত নিলেন, হঠাৎ করেই বাবাকে চমকে দেবেন।
দরজায় কড়া নাড়ার পর মুহূর্তেই ঘটল সেই আবেগঘন দৃশ্য। দরজা খুলেই প্রিয় কন্যাকে সামনে দেখে স্তব্ধ হয়ে গেলেন নান্টু। বিস্ময়, আনন্দ আর আবেগ একসঙ্গে ভর করল তাঁর চোখেমুখে। কোনো কিছু বলার আগেই তিনি মেয়েকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরলেন। মুহূর্তেই কেঁপে উঠল ঘরের বাতাস, যেন সময় থেমে গিয়ে ফিরে এলো শৈশবের দিনগুলো।
আরও পড়ুন : হাসনাত আব্দুল্লাহর নামে ভুয়া ভেরিফায়েড অ্যাকাউন্ট
এই দৃশ্য ভিডিও করে রাখেন লামিয়ার ছোট বোন মালিহা জান্নাত। পরে লামিয়া সেটি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি হাজারো মানুষের ফিডে পৌঁছে যায়। একের পর এক পেজ ও গ্রুপে শেয়ার হতে থাকে ভিডিওটি।
প্রতিক্রিয়ায় নেটিজেনরা ভেসে যাচ্ছেন আবেগে। কেউ লিখেছেন—“বাবা-মেয়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে নির্মল বন্ধন।” কেউ আবার বলছেন—“নিজের বাবাকে হারিয়েছি, ভিডিওটি দেখে মনে হলো তিনিই যেন আবার ফিরে এসেছেন।” অনেকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন কমেন্টে।
নওগাঁর সাধারণ মানুষও ভিডিওটি নিয়ে গর্ব প্রকাশ করেছেন। স্থানীয়রা বলছেন, লামিয়ার মতো সন্তানেরা যদি বাবা-মায়ের সঙ্গে এভাবে সম্পর্ক টিকিয়ে রাখে, তবে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।
ঢাকা ডেস্ক 









