আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এত অন্তত ৬২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১,০০০ জনের বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনকে উদ্ধারে চলছে ব্যাপক তৎপরতা।
খবর আল জাজিরার।
রোববার দিবাগত রাতে আঘাত হানা এই ভূমিকম্পে কুনার প্রদেশের বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দেশটির তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হতাহতদের অধিকাংশই গ্রামীণ অঞ্চলের বাসিন্দা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ০। এর উৎপত্তি হয়েছিল জালালাবাদ শহরের উত্তর–পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর পরই আরও দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মধ্যে একটি ছিল ৫ দশমিক ২ মাত্রার।
কুনার ও নানগারহারের বিভিন্ন গ্রামে ঘরবাড়ি ভেঙে পড়েছে। আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
আরও পড়ুন : চবিতে সংঘর্ষে আহত ১৫০০, গুরুতরদের হাসপাতালে নেওয়া হয় ১১ বাসে
আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘আজকের রাতের ভূমিকম্প আমাদের পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। জীবন রক্ষায় সর্বোচ্চ সম্পদ কাজে লাগানো হচ্ছে।’
উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে এসেছেন। কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও সহায়তা পাঠাচ্ছে। পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও স্বেচ্ছাসেবী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ঢাকা ডেস্ক 









