গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। শনিবার সকালে তার মাথার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এতে হাসপাতালের পরিচালক নিজে ছাড়াও এনেস্থেসিয়া, ক্যাজুয়ালটি, নাক-কান-গলা, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন। আজই (শনিবার) তারা আলোচনায় বসবেন।
তিনি আরও বলেন, ‘নুরের জ্ঞান ফিরেছে। মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টা পার না হলে তার অবস্থা স্থিতিশীল হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
আরও পড়ুন : কাকরাইলে জাপা–গণঅধিকার সংঘর্ষে গুরুতর আহত নুর
শনিবার ভোরে নুরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও জানানো হয়, আইসিইউতে থাকা নুরের কিছুটা হুঁশ ফিরেছে। পোস্টে সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়।
অন্যদিকে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংবাদ সম্মেলনে দাবি করেন, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এ অবস্থায় কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।
রাজনীতির অঙ্গনে আলোচিত এই তরুণ নেতার শারীরিক অবস্থা নিয়ে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত নিবিড় পর্যবেক্ষণেই রাখা হবে তাকে।
ঢাকা ডেস্ক 









