রাজধানী ঢাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে জনতা। এ সময় তারা সেখানে ভাঙচুরও চালায়। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অফিসে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হানা দেয় কিছু উত্তেজিত জনতা। তারা সেখানে ভাঙচুর শুরু করে এবং আগুন ধরিয়ে দেয়।
এ সময় পুলিশ গিয়ে বাধা দিলে পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়। পরে জলকামান নিক্ষেপ করে জনগণকে ছত্রভঙ্গ দেয় পুলিশ। পরিস্থতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
পাশাপাশি জলকামান থেকে পানি নিক্ষেপ আগুন নিভিয়ে দেয় পুলিশ। একইসঙ্গে সেখানকার নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন : জানা গেল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করা সেই ব্যক্তির পরিচয়
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর মধ্যে নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তার শরীরে কয়েকটি জখম রয়েছে, ভেঙেছে নাকের হাড়।
ঢাকা ডেস্ক 









