রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাতে ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ হামলায় দলের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে মারমুখী আচরণ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ওই ব্যক্তি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দয়ভাবে পেটান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে, মেরুন টি-শার্ট পরা ওই ব্যক্তির পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
আরও পড়ুন : নুরের ওপর হামলা নিয়ে অন্তবর্তী সরকারের বিবৃতি
শনিবার (৩০ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, ওই হামলাকারী পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩।
রাশেদ খান তার পোস্টে আরও লেখেন, “মেরুন পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। তবে, সোশ্যাল মিডিয়ায় যেমনটি দাবি করা হচ্ছে, সে নুরকে পেটায়নি। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।”
এদিকে, হামলার পর গণঅধিকার পরিষদের নেতারা পুলিশ ও প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হামলাকারী নির্দয়ভাবে গণঅধিকার কর্মীদের পেটান, যা অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।
ঢাকা ডেস্ক 









