ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল বলেন, ‘ঘরে ফেরার আর কোনো পথ নেই। সুষ্ঠু নির্বাচন ছাড়া বিকল্প কিছু নেই। জীবন ঝুঁকির মুখেও কোনো ধরনের অনিয়ম, কারসাজি বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না। শুধু নির্বাচন কমিশন নয়, নির্বাচনী কর্মকর্তারাও এর দায়ভার বহন করবেন।’
আরও পড়ুন : নির্বাচনি রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সব বাধা অতিক্রম করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতেই হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এবারের নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারেন। প্রবাসীরাও আগ্রহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।’
অন্য কমিশনাররা জানান, এবারের নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ থাকবে না। একই সঙ্গে তারা ব্যয় সাশ্রয়ী উপায়ে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন।
ঢাকা ডেস্ক 









