খুদে সন্তানকে খাওয়াতে গিয়ে সমস্যায় পড়েন অনেক বাবা-মা। কেউ মুখে খাবার নিলেও চিবোতে চায় না, আবার কেউ খাবার দেখলেই কান্নাকাটি শুরু করে। দীর্ঘদিন ধরে এমন চলতে থাকলে তা শুধু অভ্যাসগত অনীহা নয়, বরং গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে। চিকিৎসকরা বলছেন, এসব ক্ষেত্রে শিশু ‘পেডিয়াট্রিক ফিডিং ডিজঅর্ডার’-এ ভুগতে পারে।
‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ’-এর এক সমীক্ষা অনুযায়ী, উল্লেখযোগ্য সংখ্যক শিশু এই জটিলতায় আক্রান্ত। সময়মতো চিকিৎসা না হলে শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে।
আরও পড়ুন : আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির বিপুল জয়, জামায়াতের ভরাডুবি
কোন কোন লক্ষণে সতর্ক হবেন?
- খাওয়াতে গেলে কান্নাকাটি শুরু করে।
- খাবার দেখলেই বমি ভাব বা খাওয়ার পর বমি
- খাবার চিবোতে বা গিলতে সমস্যা।
- খাবার গিলতে গিয়ে গলায় ব্যথা, আটকে যাওয়া বা শ্বাসকষ্ট।
- খাওয়ার সময় অস্থিরতা, ঘাম বা হেঁচকি।
- সব খাবারকে বিস্বাদ মনে হওয়া।
কেন হয় এই সমস্যা?
বিশেষজ্ঞদের মতে, জেনেটিক রোগ, বিপাকক্রিয়ার সমস্যা, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবন, ডিসফ্যাগিয়া, অ্যাসিড রিফ্লাক্স, রক্তাল্পতা কিংবা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারের মতো জটিলতায় আক্রান্ত শিশুদের মধ্যে ফিডিং ডিজঅর্ডারের ঝুঁকি বেশি থাকে। সেরিব্রাল পলসির মতো সমস্যাতেও এমনটা দেখা দিতে পারে।
শিশুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, বাবা-মায়েরা যদি সন্তানের মধ্যে এসব লক্ষণ দেখতে পান, তবে নিজে থেকে কোনও ওষুধ না খাইয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। কারণ, সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করে চিকিৎসা করলে অনেক ক্ষেত্রেই শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা সম্ভব হয়।
শিশু খেতে না চাইলে একে শুধু খামখেয়ালি ভেবে উপেক্ষা না করে, সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়ার উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ঢাকা ডেস্ক 















