রাজধানীর গণপরিবহন খাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ঢাকা শহরে চলাচলকারী সব বাসকে একক কোম্পানির আওতায় আনার সিদ্ধান্ত জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন নিয়ন্ত্রণহীনভাবে চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানাবিধ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য গণপরিবহন ব্যবহার করা সবচেয়ে কঠিন হয়ে উঠেছে।
আরও পড়ুন : আ.লীগ নেতাদের ‘ধরতে’ মার্কিন পুলিশ ও পররাষ্ট্র দপ্তরে চিঠি
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হলো অকার্যকর রুটে চলাচলকারী বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা।
নতুন ব্যবস্থায় সব বাস একটি অভিন্ন কোম্পানির অধীনে পরিচালিত হবে। নির্ধারিত রুট, স্টপেজ ও সময়সূচি কঠোরভাবে মানতে বাধ্য থাকবে পরিবহন মালিকরা। ফলে বাস পরিচালনায় শৃঙ্খলা ফিরবে, ভাড়ায় অনিয়ম ও বিশৃঙ্খলা কমবে এবং যাত্রীরা পাবেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় সেবা।
সরকারের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং গণপরিবহন হবে আরও কার্যকর ও যাত্রীবান্ধব।
ঢাকা ডেস্ক 









