শরীয়তপুরের জাজিরায় আজানকে কেন্দ্র করে বিরোধের জেরে খবির সরদার (৪৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকার একটি মসজিদে মাইকে ফজরের আজান ও বয়ান দেওয়ায় ঘুমের সমস্যা হচ্ছে—এমন অভিযোগ তুলে মসজিদের ইমামকে হুমকি দেন আলমাস সরদার নামে এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস।
আরও পড়ুন : হেলমেট পরে মাছ ধরতে হয় রাজশাহীর এক পুকুরে
মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সরদারের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন আলমাস। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, “আজান বন্ধ করতে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস। আমরা প্রতিবাদ করায় সে আরও ক্ষিপ্ত হয় এবং সুযোগ বুঝে খবির সরদারকে খুন করেছে।”
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ঘটনাটি মসজিদ কমিটির দ্বন্দ্বের জের হতে পারে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
ঢাকা ডেস্ক 









