পিরোজপুরের স্বরূপকাঠিতে ৩৪০ ফুট উঁচু একটি বিদ্যুৎ টাওয়ারে উঠে পাঁচ ঘণ্টা অবস্থান করেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। এ ঘটনায় পুরো উপজেলায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডের ডাকবাংলো সংলগ্ন বৈদ্যুতিক টাওয়ারে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই যুবকের নাম শঙ্কর বেপারী বাহাদুর (৩৮)। তিনি সমুদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের মৃত নিকুঞ্জ বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে হঠাৎ শঙ্কর ওই টাওয়ারে ওঠে যেতে শুরু করেন। একপর্যায়ে তিনি টাওয়ারের চূড়ায় পৌঁছে যান। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ঝুঁকি এড়াতে মূল সঞ্চালন লাইন বন্ধ করে দেয়। এতে পুরো উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন : রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নানা চেষ্টা চালালেও তাকে নামাতে ব্যর্থ হন। অবশেষে স্থানীয় চারজন সাহসী যুবক টাওয়ারে উঠে ধীরে ধীরে শঙ্করকে নিচে নামাতে সক্ষম হন।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন,“দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টার পর স্থানীয় যুবকদের সহযোগিতায় আমরা তাকে নিরাপদে নামাতে পেরেছি।”
নেছারাবাদ থানার এসআই মো. নাসির জানান, উদ্ধারকৃত শঙ্করকে থানায় রাখা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ঢাকা ডেস্ক 









