ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করা রোডম্যাপের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার অনুষ্ঠিত কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই রোডম্যাপ প্রকাশ করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, রোডম্যাপে ভোটের সময়সূচি থেকে শুরু করে সীমানা নির্ধারণ, তফসিল ঘোষণা, ভোটকেন্দ্র চূড়ান্তকরণসহ বিভিন্ন ধাপের কর্মপরিকল্পনা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। কমিশনার আব্দুর রহমানেল মাউসদ গণমাধ্যমকে বলেন, ‘রোডম্যাপ অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি এক-দুই দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।’
এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি বুধবার শেষ হচ্ছে। শেষ দিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট বিভাগের দাবি-আপত্তি শোনা হয়। এর আগে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলের শুনানি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন : নির্বাচন ব্যাহত করতে নিত্যনতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল: মির্জা ফখরুল
গত ৩০ জুলাই ইসি নতুন আসনবিন্যাসের খসড়া প্রকাশ করে। সেখানে ভোটার সংখ্যার ভারসাম্য আনার জন্য গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব দেওয়া হয় এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে চার থেকে তিনটিতে নামানোর প্রস্তাব করা হয়। এ নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। শুনানি শেষে আবেদনগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।
এদিকে গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তখন থেকেই আলোচনায় আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ইউনূস বিভিন্ন বক্তব্যে জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের।
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানানো হয়েছে—রমজান শুরু হওয়ার আগে ফেব্রুয়ারির মধ্যেই ভোট সম্পন্ন করতে হবে। এই নির্দেশনার আলোকে কমিশন রোডম্যাপ চূড়ান্ত করেছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সময়সীমা নির্ধারিত হয়ে গেছে। আমরা খুব দ্রুতই পুরো অ্যাকশন প্ল্যান প্রকাশ করব।”
ঢাকা ডেস্ক 









