সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুদের টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মুজিবর গাজী (৬২)। তিনি উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতাল—হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সুদের টাকার লেনদেন নিয়ে মুজিবর গাজীর সঙ্গে সুশান্ত কুমার সরকারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।
আরও পড়ুন : তিন দাবিতে শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’
আহতদের প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে মুজিবর গাজী ও অমল সরকারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মুজিবরের শারীরিক অবস্থা আরও খারাপ হলে সাতক্ষীরা শহরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালটির পরিচালক ডা. ফায়সাল আহমেদ বলেন, “মুজিবর গাজীর শরীরে মারপিটের চিহ্ন ছিল। এছাড়া তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং তার ধমনীতে রিং বসানো ছিল। ধারণা করা হচ্ছে, মারপিটের চাপ ও শারীরিক জটিলতার কারণে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।”
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে আলাউদ্দিন গাজী বাদী হয়ে সুশান্ত কুমার সরকারের পক্ষের ছয়জনকে আসামি করে মামলা করেন। অপরদিকে সুশান্ত কুমার সরকার বাদী হয়ে মুজিবরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
ওসি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঢাকা ডেস্ক 









