হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার গভীর রাতে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে নেমে আসার পর তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম এম এস কারেন পেতুলা স্টাফেল, তিনি গায়ানার নাগরিক। তাঁর লাগেজ থেকে উদ্ধার করা সাড়ে ৮ কেজি কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা।
আরও পড়ুন : বিমানবন্দরে ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচারের চেষ্টা, আটক ২
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গোপন সূত্রে আগেই তথ্য পাওয়া গিয়েছিল যে, ওই ফ্লাইটের এক যাত্রী মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। সে অনুযায়ী শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। উড়োজাহাজটি রাত আড়াইটার দিকে অবতরণ করলে সন্দেহভাজন যাত্রীকে শনাক্ত করে ব্যাগেজ স্ক্যানিং করা হয়। তল্লাশির সময় তাঁর ব্যাগ থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে কোকেন পাওয়া যায়।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা এই কোকেন পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করে যে এগুলো উচ্চমানের কোকেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।”
বর্তমানে পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঢাকা ডেস্ক 









