সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় সোমবার (২৫ আগস্ট) জিডি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে একপক্ষীয়, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে তিনি থানায় এ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ।
জিডির বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক।
ফেসবুক কর্তৃপক্ষের আচরণকে অন্যায্য আখ্যা দিয়ে মামুনুল হক জানান,তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ একের পর এক ‘‘রিমুভ ও সাসপেন্ড’’ করা হচ্ছে।
জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, ‘কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত আইডি এবং অফিশিয়াল পেজ একাধিকবার বন্ধও হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’
মামুনুল হক আরও বলেন, ‘একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট অপচেষ্টা।
আমি আইন মেনে থানায় জিডি করেছি। মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই আমির।
আরও পড়ুন : চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
খেলাফত মজলিসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয়, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ একের পর এক রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে।
শুধু তা-ই নয়, তার নাম, বক্তব্য বা ছবি প্রকাশ করা মাত্রই দলীয় পেজ, গণমাধ্যম এবং ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের কবলে পড়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে তিনি জিডি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর এক ভয়ংকর আঘাত।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ রিমুভ-সংক্রান্ত একটি বিষয়ে তিনি (মামুনুল হক) সাধারণ ডায়েরি করেছেন। তার পক্ষে দলের কয়েকজন এসে জিডিটি করেন।’
ঢাকা ডেস্ক 









