রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ দিনভর মেঘলা থাকতে পারে। সকাল থেকে হালকা বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন না হয়ে প্রায় স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : আবারো লঘুচাপ, বাড়বে বৃষ্টিপাত
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ এবং সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া দেশের নদীবন্দরগুলোর জন্য আলাদা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ভোর থেকে দুপুর পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ী ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা ডেস্ক 









