সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর নেতৃত্বাধীন পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই হট্টগোলের ঘটনা ঘটে। শুনানি চলাকালে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান ও তর্কে জড়িয়ে পড়লে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরে ইসি কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন : ’৭১ ইস্যু দু’বার নিষ্পত্তি দাবি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর
এইদিন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা নিয়ে শুনানি হচ্ছিল। সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে খসড়ার বিরোধিতাকারীরা দাবি করেন, বিজয়নগর উপজেলা থেকে বুধস্তি, চান্দুয়া ও হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করায় উপজেলাটি খণ্ডিত হচ্ছে। তারা বিজয়নগরকে অখণ্ড রাখার দাবি জানান।
উল্লেখ্য, কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে প্রথম দিনের শুনানি শেষে রবিবার থেকে ব্রাহ্মণবাড়িয়াসহ অন্যান্য অঞ্চলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। এই শুনানি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
ঢাকা ডেস্ক 









