নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় চার তলার ছাদ থেকে ফেলে জেলা ছাত্রদলের সাবেক এক নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে পাগলা চিতাশাল এলাকার কবির মাস্টারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ওই নেতা আরাফাত হোসেন মামুন। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন : কুবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দুজনকে শিক্ষার্থীদের জুতাপেটা
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কবির মাস্টারের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে মফিজ (৪০) নামের এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে মামুন সেখানে গিয়ে বাধা দিলে মফিজ ও তার দলবল তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাকে চার তলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়।
পরে আশপাশের লোকজন আহত মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে দায়ের হয়নি, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
অভিযুক্ত মফিজ বর্তমানে পলাতক। বাড়ির মালিক কবির মাস্টারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মামুন সুস্থ হলে মামলা করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।
ঢাকা ডেস্ক 









